প্রকাশিত: Sat, Dec 30, 2023 6:28 PM
আপডেট: Fri, Jun 5, 2026 11:31 AM

[১]একটি জাল ভোট পড়লেও দায় কর্মকর্তাদের: ইসি হাবিব

তরিকুল ইসলাম, যশোর: [২] নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) আহসান হাবিব খান (অব.) বলেন, ভোট কেন্দ্রে যদি কেউ জোরাজুরি করে পুলিশ ডেকে নিবৃত্ত করবেন। তারপরও ঠেকাতে না পারলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। পরে ভোট নেওয়া হবে। একটিও জাল ভোট পড়লে তার জন্য পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রিসাইডিং অফিসার দায়ী থাকবেন।

[৩] তিনি বলেন- প্রার্থী  যত শক্তিশালী হোক বা দুর্বলই হোক-কাউকে ছাড় দেওয়া হবে না। কেন না সবাই কমিশনের কাছে সমান। শতভাগ নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। আগামী নির্বাচনের দিকে দেশি-বিদেশিসহ সকলে তাকিয়ে আছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারাও নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছেন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছেন।

 [৪] শনিবার মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

[৫] সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মুরাদ হাসান